আশীষ বিশ্বাস
আবেদ আলী : “শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ই অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এতে সভাপতিত্ব করেন জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাফরুহা। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বলাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি সহীদার রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আহমেদ আলী শাহ, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সহ-অধ্যাপক একরামুল হক, প্রধান শিক্ষক বেলাল হোসেন এবং টেংগনমারী স্কুলের প্রধান শিক্ষক আশিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছিটমীরগঞ্জ মাদ্রাসার বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক ওবায়দুল্লাহ নূরে এহছান।