মোঃ হারুন অর রশিদ- উখিয়া প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। শনিবার (৩ অক্টোবর) দুপুরে টেকনাফের মহেশখালী পাড়ার মেরিন ড্রাইভ রোড সংলগ্ন পুরুল্লার ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উখিয়ার কুতুপালং ১৭ নম্বর ক্যাম্পের ইমাম হোসেন (৪৫), বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের নূর আলম (২৭) এবং একই ক্যাম্পের জম মুল্লোক (৫০)।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে পুরুল্লার ঘাট এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কতিপয় মাদক কারবারি অবস্থান করছে। দুপুর আনুমানিক আড়াইটার দিকে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের কাছে থাকা মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।