টাঙ্গাইলের নাগরপুরে আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজ্জাদ হোসেন খান (পল)-এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সলিমাবাদ ইউনিয়নের ভোর বাজারে ১নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সাবেক অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সলিমাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউল হক জিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য বাবুল তালুকদার, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো. রুপক খান ও উপজেলা শ্রমিক দলের সদস্য শাহীন খান প্রমুখ।
অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন খান (পল) উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আমি সব সময় সলিমাবাদ ইউনিয়নের জনগণের পাশে থেকে সেবা করতে চাই। যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে এই ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করার সর্বাত্মক চেষ্টা করে যাবো।’ তিনি এলাকাবাসী সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। তিনি আরো বলেন, আমাদের গ্রামের এক কৃতি সন্তান মঈনুল আলম খান কনক এমপি প্রার্থী ছিলেন। আমরা তাকে নিয়েও গর্ব করি। এসময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, উপস্থিত ছিলেন।