কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এ তথ্য জানায়।বিজিবি জানায়, রোববার রাত ৮টা ৪০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় তুমব্রু বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৩৪ থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টমস মোড় এলাকায় অভিযান চালায়।
অভিযানে মো. হারুন মিয়া (২৬), জিদান বড়ুয়া (১৮) ও মো. আকছার (১৮)কে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়।আটক তিনজনের মধ্যে হারুন মিয়ার বাড়ি কক্সবাজারের টেকনাফে, জিদান বড়ুয়ার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবং আকছারের বাড়ি কক্সবাজারের উখিয়ায়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের জব্দ করা ওষুধ ও অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।