কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) ভোররাতে টেকনাফ-উখিয়া সীমান্তবর্তী হোয়াইক্যং এলাকার লালুর মাছের ঘের সংলগ্ন স্থান থেকে এসব মাদক জব্দ করা হয়। আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ আনুমানিক রাত ০২:১০ ঘটিকায় হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্তে অবস্থান নেয়। এ সময় মায়ানমার সীমান্ত পার হয়ে ১ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল। সন্দেহভাজন ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ফাঁকা ফায়ার করলে চোরাকারবারী তার কাছে থাকা একটি পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে সটকে পড়ে।
পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থানে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খুলে নীল রঙের বায়ুরোধী ৪ কাটে মোড়ানো মোট ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এলাকাটিতে দীর্ঘক্ষণ বিশদ তল্লাশী চালানো হলেও আর কোনো অবৈধ মালামাল বা কাউকে পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানে জড়িত ব্যক্তি ও মূল সরবরাহকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদক চোরাচালান দমনে দীর্ঘদিন ধরে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে।