কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—উখিয়া থানার আনজুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মোঃ নুর ইসলাম (২৫) এবং এফডিএমএন ক্যাম্প-১৫ (ব্লক-এ/৭)-এর বাসিন্দা মৃত হাচানের ছেলে মোঃ হারেস (২০)।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশে ‘বাবুলের ঘের’ এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার সীমান্ত অতিক্রম করে ব্যাগ হাতে দুজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। পাচারকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্ট থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে এসব ইয়াবা কিনে বাংলাদেশে এনেছিল।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এই মাদক চালানের সঙ্গে জড়িত মূল কারবারিদের শনাক্ত করতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং এ ধরণের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।