নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলায় কলেজের দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গত ৫ সেপ্টেম্বর শনিবার রাতে এ ঘটনা ঘটে।আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আলতাফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, পলখান এলাকার বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার শাহীন আকন্দের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার রাতে শাহীন আকন্দ, তুহিন, নাঈম, আলামীনসহ ১৫-১৬ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাবুল মিয়াকে খুঁজতে পলখান বাজারে যায়। এ সময় বাবুল মিয়াকে না পেয়ে তার কলেজপড়ুয়া ছেলে আলতাফ হোসেন (১৯) ও সিফাত হোসেনকে (২৩) একটি দোকানে বসা অবস্থায় দেখতে পেয়ে তাদের ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলতাফ ও সিফাতকে গুরুতর জখম করে। এ সময় বাধা দিতে গেলে সাত্তার আলী (২৪) নামে আরও এক যুবককে কুপিয়ে জখম করা হয়।একপর্যায়ে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ নয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।