কক্সবাজারের উখিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উখিয়া থানার ৫ নং পালংখালী ইউনিয়নের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেট সংলগ্ন এলাকা থেকে এই বিশাল চালানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)- আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ২০টি কার্ডে সুবিন্যস্ত অবস্থায় রক্ষিত মোট ২,০০,০০০ (দুই লাখ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী দল ইয়াবার বস্তাটি সড়কের পাশে ফেলে কৌশলে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে এলাকায় চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।