প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বরগুনার বেতাগীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। সাবেক উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান কবির জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীরা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন তারা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, নিহত নেতাকর্মী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।