“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এবং “এক দেশ, এক QR—লেনদেনে Bangla QR” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সারাদেশব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের অংশ হিসেবে লালমনিরহাটে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি।
মঙ্গলবার (১৮ আগস্ট) লালমনিরহাট শহরের সেনা মৈত্রী মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. মোকছেদুর রহমান, পরিচালক শেখ মাহমুদুর রহমান, লালমনিরহাট রোটারি ক্লাবের প্রেসিডেন্ট মাজেদুল ইসলাম এবং পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মধু বাবু রায়। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, ক্যাশলেস লেনদেনের পরিধি সম্প্রসারণ, আধুনিক ব্যাংকিং প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় গ্রাহকবান্ধব ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে পূবালী ব্যাংক পিএলসির গৃহীত বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে Bangla QR-সহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়।
আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও দ্রুত করার লক্ষ্যেই এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।