বগুড়ার কাহালুতে মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও হত্যা মামলার পরোয়ানাভুক্ত মো. মোন্নাফ আলী মন্ডল (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ রাত সাড়ে ৯টার দিকে কাহালু থানার এএসআই মো. মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারহাট্ট এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নারহাট্ট খুলুপাড়া গ্রামের মো. আনছার আলী মন্ডলের ছেলে মো. মোন্নাফ আলী মন্ডল (৩০)কে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া সদর থানায় ২০১৬ সালে দায়ের করা একটি মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও গ্রেফতার মোন্নাফ আলী মন্ডলের বিরুদ্ধে কাহালু থানায় ১৯ এপ্রিল ২০২৪ তারিখে দায়ের করা মামলা নং-০৮-এর সূত্রে একটি হত্যা মামলার পরোয়ানা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
কাহালু থানা সূত্রে জানা যায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।