বগুড়ার শেরপুরে পায়ের মোজার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (৮ আগস্ট) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর এলাকার বাসিন্দা মো. মনিরুজ্জামান ওরফে মনির (৫৫)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে একটি দল বেতগাড়ী এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। এ সময় G-4 আসনে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা মনিরুজ্জামানের দেহ তল্লাশি করে তার ডান পায়ের মোজার ভেতর থেকে ৮টি নীল জিপারযুক্ত প্যাকেটে মোট ২ হাজার পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ২০০ গ্রাম বলে জানায় ডিএনসি। এ ছাড়া তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত বলে ধারণা করা দুটি বাটন মোবাইল ফোন ও একটি কালো রঙের মোজা জব্দ করা হয়েছে।
ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পায়ের মোজার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে। মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নানা পদ্ধতি ব্যবহার করলেও তাদের বিরুদ্ধে আমাদের নজরদারি জোরদার রয়েছে।”
তিনি আরও বলেন, “উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।”এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।