কক্সবাজারের উখিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে পারভিন আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী ও শাশুড়িকে থানায় নিয়েছে পুলিশ। নিহত হলেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল গ্রামের বাসিন্দা আব্দুল গফুর মেয়ে পারভীন আক্তার।
বৃহস্পতিবার সকালে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবার বাড়িতে যাওয়া নিয়ে পারভিন আক্তারের সঙ্গে তাঁর স্বামী মো. আব্দুল আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারিবারিক বিরোধ তীব্র হলে পারভিন গুরুতর আহত হন। পরে তাঁকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম হাসপাতাল গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পারভিনের স্বামী আব্দুল আলম ও শাশুড়ি মরিয়ম বেগমকে থানায় নেওয়া হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানিয়েছেন। ওসি মুজিবুর রহমান বলেন ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।