নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পপুলার হাসপাতালের সামনে সড়কের ওপর অবৈধভাবে ভাসমান দোকান স্থাপন করায় সাধারণ রোগী, জরুরি বিভাগের রোগী ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিন হাসপাতাল এলাকায় যানজট ও জনসমাগম বৃদ্ধি পাওয়ায় অ্যাম্বুলেন্স চলাচলসহ জরুরি সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের মূল ফটকের সামনের সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান বসানো হয়েছে। ফলে রোগী বহনকারী যানবাহন প্রবেশ ও বের হতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে মারাত্মক বিঘ্ন ঘটছে। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগীরা জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোর কারণে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পথচারীদের চলাচলেও ভোগান্তি বাড়ছে। অনেক সময় রোগীবাহী অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ আটকে থাকতে দেখা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, বহুবার দোকান সরিয়ে নিতে বলা হলেও কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় হকাররা পুনরায় সড়কে দোকান বসাচ্ছে। এতে হাসপাতালের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি আড়াইহাজার উপজেলাকে যানজটমুক্ত রাখতে। হকার উচ্ছেদে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে, যাতে রোগী ও পথচারীদের কোনো অসুবিধা না হয়।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর উদ্যোগ নিয়ে হাসপাতালের সামনে সড়ক দখলমুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।