দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের বড় চেরাগপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় গবাদিপশুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মোঃ মোকসেদ আলীর বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে তার দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় গোয়ালঘরে থাকা তিনটি গরু আগুনে দগ্ধ হয়। গুরুতর অবস্থার কারণে একটি গরু জবাই করতে বাধ্য হন পরিবারের সদস্যরা, অন্য দুটি গরু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
গরুগুলোকে রক্ষা করতে গিয়ে হাসিপুর এলাকার এক ব্যক্তি আহত হন। তাকে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানা গেছে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিক অনুদান প্রদান করেন।
স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারটির দ্রুত পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি।