রবিবার (৩ মে) বগুড়ার গোহাইল রোড সূত্রাপুর (আজাদ পাম্প) সংলগ্ন এলাকায় ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে জানা যায়, এম কে এ সাকিদার নামের এক ব্যক্তি, যিনি মূলত একজন পল্লী চিকিৎসক, তিনি দীর্ঘ প্রায় তিন বছর ধরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখে আসছিলেন। নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।
এছাড়াও অভিযোগ রয়েছে, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আশপাশে থাকা দালাল চক্রের মাধ্যমে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের সরকারি হাসপাতালের ডাক্তার দেখানোর কথা বলে কৌশলে তার এই ভুয়া চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হতো। উপস্থিত কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে এমন তথ্যের সত্যতা পাওয়া যায়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাকিদার তার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি টিম।