মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মো. আনোয়ার হোসেন (৩০) নামে এক প্রবাসফেরত যুবক মারাত্মক অসুস্থতায় ভুগছেন। তাঁর দুটি কিডনি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে না পারায় বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তিনি বলধারা ইউনিয়নের রফিক নগর গ্রামের বাসিন্দা এবং মো. চাঁন মিয়ার ছেলে। আনোয়ার দুই সন্তানের জনক।
পরিবারের সদস্যরা জানান, জীবিকার উদ্দেশ্যে আনোয়ার দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। সেখানে হঠাৎ করে তাঁর কিডনির জটিলতা দেখা দেয় এবং একই সঙ্গে ফুসফুসে পানি জমে। প্রথমদিকে তাঁর কর্মস্থলের প্রতিষ্ঠান কিছুদিন চিকিৎসার ব্যবস্থা করলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় প্রায় এক বছর আগে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।
দেশে ফিরে নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু কোনো আয়-রোজগারের সুযোগ না থাকায় ধীরে ধীরে তাঁর সব সঞ্চয় চিকিৎসার পেছনে ব্যয় হয়ে যায়। সম্প্রতি কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। চিকিৎসকদের মতে, তাঁকে সুস্থ করে তুলতে হলে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসা অব্যাহত রাখা জরুরি।
বর্তমানে আনোয়ারের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তাঁর স্ত্রী, দুই ছোট সন্তান এবং বৃদ্ধ বাবা-মা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
এ অবস্থায় আনোয়ারকে বাঁচাতে সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। অল্প সহযোগিতাই একটি প্রাণ রক্ষা করতে পারে এবং একটি অসহায় পরিবারকে নতুন আশার আলো দেখাতে পারে।
সাহায্য পাঠানোর মাধ্যম:
নগদ (ব্যক্তিগত নম্বর): ০১৬১৬-৪৯০৬২২