চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুইটি অভিযানে ৩০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সন্ধ্যায় পটিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে এসআই (নিঃ) মো. সফর হোসেনের নেতৃত্বে পুলিশ সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় আনন্দ সেন (২২) ও শায়ন সেন (১৯)-কে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তারা পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদন্ডী এলাকার বাসিন্দা।অপরদিকে, পৃথক আরেক অভিযানে এসআই (নিঃ) ফরহাদের নেতৃত্বে পটিয়া পৌরসভার দক্ষিণঘাটা এলাকায় অভিযান চালিয়ে রাজীব দাশ (২৫) ও মো. শরীফ হোসেন (২২)-কে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পটিয়া থানায় দুইটি পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।