রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত এক দিনে হামের উপসর্গে একজন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১১ জন রোগী ভর্তি হলেও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৪৫ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলমান সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬১৩ জন রোগী রামেকে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। মুখপাত্র আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।