ফরিদপুরের আলফাডাঙ্গায় দলীয় শৃঙ্খলা জোরদার ও সাংগঠনিক ভিত্তি মজবুত করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভায় নেতারা স্পষ্ট ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট পরিবারের কাউকে বিএনপির সদস্যপদ দেওয়া হবে না।
সকাল ৯টা ৩০ মিনিটে আলফাডাঙ্গা উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দলের আদর্শিক অবস্থান অটুট রাখতে হলে অনুপ্রবেশকারীদের প্রতিহত করা জরুরি। প্রকৃত জাতীয়তাবাদী কর্মীদের নিয়েই সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী কর্মীরাই বিএনপির মূল শক্তি।”আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাসের বক্তব্যে সভাটি গুরুত্ব পায়।যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইস্রাফিল মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নূর জামাল খসরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।বক্তারা অভিযোগ করেন, অতীতে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন কৌশলে দলে প্রবেশের চেষ্টা করেছে। এ বিষয়ে তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।দলকে সুসংগঠিত করতে এবং ভবিষ্যৎ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।সভায় আরও বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় আগামী তিন দিনের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।