প্রখ্যাত ছড়াকার মানসুর মুজাম্মিল আজ ভোর ৪টা ২৭ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সাহিত্যাঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ব্যক্তিত্বসম্পন্ন ও বন্ধুবৎসল এই গুণী মানুষটি বিভিন্ন সাহিত্য আড্ডায় ছিলেন অত্যন্ত সপ্রতিভ ও প্রাণবন্ত। তাঁর উপস্থিতি সবসময়ই সাহিত্যচর্চার পরিবেশকে সমৃদ্ধ করত। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং বেশ কয়েক বছর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মানসুর মুজাম্মিল তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে দেশপ্রেম, মানবাধিকার ও সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। তাঁর লেখনীতে ছিল দেশের প্রতি গভীর ভালোবাসা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় আহ্বান। জীবনের শেষ সময়ে নানা কষ্ট ও প্রতিকূলতার মধ্যেও তিনি আত্মমর্যাদা ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “প্রখ্যাত ছড়াকার মানসুর মুজাম্মিল একজন আলোকিত দেশপ্রেমিক ও সৎ মানুষ ছিলেন। তাঁর লেখনীতে দেশের কথা, দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা বারবার উচ্চারিত হয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন বিবেকবান সাহিত্যিককে হারালো।”
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি পরিবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছে—তিনি যেন মরহুমকে ক্ষমা করেন, তাঁর কবরকে প্রশস্ত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন। আমিন।