নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বিশ্বের প্রথম ফাইলেরিয়া হাসপাতালটি এখন অবহেলা ও অযত্নে পড়ে আছে।একসময় আন্তর্জাতিক মানের চিকিৎসা ও গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে সম্পূর্ণ বন্ধ এবং প্রশাসনিকভাবে সিলগালা অবস্থায় রয়েছে।
সরেজমিনে দেখা যায়,সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় অবস্থিত হাসপাতালটির ভবনজুড়ে নীরবতা বিরাজ করছে।নেই কোনো চিকিৎসক,রোগী বা সেবাকর্মীর উপস্থিতি।নষ্ট হচ্ছে দামী দামী আসবাবপত্র ও ধ্বংসের দিকে অবকাঠামো প্রতিষ্ঠানটি।মনে হয় যেন ভূতুড়ে পরিবেশ।
সূত্রে জানা যায়,২০০২ সালে জাপান সরকারের অর্থায়নে এবং আইএসিআইবি (IACIB) সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিশেষায়িত হাসপাতালটি দীর্ঘদিন ধরে (গোদ রোগ) চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।দেশ-বিদেশের রোগীরা এখানে চিকিৎসা নিতে আসতেন।
তবে পরিচালনা কমিটির দ্বন্দ্ব,আর্থিক সংকট এবং অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে ২০২৩ সালের মে মাসে হাসপাতালটির সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়।পরবর্তীতে নানা অনিয়মের প্রেক্ষিতে ২০২৪ সালের ১২ জুন স্থানীয় প্রশাসন হাসপাতালটি সিলগালা করে দেয়।
বর্তমানে হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় গুরুত্বপূর্ণ এই চিকিৎসা কেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।এলাকাবাসীর দাবি,দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে হাসপাতালটি পুনরায় চালু করা হোক,যাতে ফাইলেরিয়া রোগের চিকিৎসা ও গবেষণার এই অনন্য প্রতিষ্ঠানটি আবারও কার্যকর ভূমিকা রাখতে পারে।