ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি চৌকস দল অংশ নেয়।
অভিযানকালে মোঃ মনির হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ হাজার টাকা।
গ্রেফতারকৃত মনির হোসেনের স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার সখিপুর থানার কদমতলি এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।