দেশের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত সোমবার(১৬ মার্চ) দিনাজপুর সফর শেষে রাতে ঢাকায় ফেরার পথে তিনি কিউআর কোড স্ক্যান করে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান,নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সারা দেশের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে ‘বিনা মূল্যে পাবলিক ইন্টারনেট’চালুর উদ্যোগ নিয়েছে সরকার।এর আওতায় বিমানবন্দর,রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
তিনি বলেন,ইতোমধ্যে কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই সেবা চালু করা হয়েছে।পর্যায়ক্রমে দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এ সুবিধা সম্প্রসারণ করা হবে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভ্রমণকারীসহ সাধারণ জনগণ সহজেই ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান,অনলাইন যোগাযোগ এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করতে পারবেন।
ডিজিটাল সেবা সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী প্রযুক্তিনির্ভর জনসেবা আরও শক্তিশালী করতে সরকার এই কার্যক্রম বাস্তবায়ন করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।