বাগেরহাটের ফকিরহাট উপজেলার সিংগাতি গ্রামে সংখ্যালঘু এক পরিবারের পুকুর থেকে জোরপূর্বক জাল টেনে মাছ ধরার অভিযোগ উঠেছে স্থানীয় শেখ মুর্শিদ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার সিংগাতি গ্রামের বাসিন্দা আশীষ রায় চৌধুরী (পিতা: মৃত শিবদাস রায় চৌধুরী) এর পুকুরে বুধবার (১১ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে শেখ মুর্শিদ আলীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র হিসেবে দা ও লাঠি ছিল বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, অভিযুক্তরা পুকুর থেকে জোরপূর্বক মাছ তুলে নিয়ে যায়। এতে তাদের আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
ঘটনার খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে নিরপেক্ষ বিচার দাবি করেছেন।
এ ধরনের জোরপূর্বক কর্মকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।