অবাক বাংলাদেশ ও ঝলক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সারা দেশের প্রতিবন্ধী প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করে মেহেরপুর শহরের কালাচাঁদপুর গ্রামের কৃতী সন্তান ইমরান হোসেন।
ঢাকার গুলশান ক্লাবের প্যাটিও হলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশব্যাপী নির্বাচিত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে মনোমুগ্ধকর তেলাওয়াতের মাধ্যমে বিচারকদের মন জয় করে ইমরান হোসেন সেরার আসন অর্জন করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইয়াসর খান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টিআইবি’র চেয়ারম্যান মনসুর আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফরিদ করিম তালুকদার শামীম এবং গুলশান ইয়ুথ ক্লাবের সাবেক সম্পাদক আরাফাতুর রহমান আপেল।
অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।