রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়ভাবে পরিচিত খুদে আউড় ব্যবসায়ী জুয়েল রানার আউড়ের পালায় হঠাৎ আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। (১৮ ফেব্রুয়ারি ) বুধবার সকাল ৯ টায়
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো পালা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা আউড় ও প্রয়োজনীয় সামগ্রী রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয় যুবকেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ক্ষুদ্র এই ব্যবসায়ীর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।এতে জুয়েল রানার সর্বস্ব পুড়ে যায় বলে জানা গেছে।
ঘটনার পর জুয়েল রানা ও তার পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। এলাকাজুড়ে নেমে আসে শোক ও হতাশার ছায়া। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা এই ব্যবসাই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। ব্যবসায়ী জুয়েল রানা জানান আগুনে পুড়ে যাওয়া ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা।
আগুন লাগার সময় পাশের এক দোকানদার ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে প্রাথমিক সেবা দেন।
এ ঘটনায় এলাকায় কান্নার রোল পড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জুয়েল রানার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।