নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ডের সি.আই. খোলা এলাকায় হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম মসীহের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ উঠান বৈঠকে বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম মসীহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ দ্বীন ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দ্বীন ইসলাম বলেন,“আজ একটি মহল ইসলামের লেবাস ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। ইসলামের নাম ভাঙিয়ে তারা মূলত দিল্লির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এরা ইসলামের আদর্শ নয়, বরং বিদেশি স্বার্থ রক্ষায় রাজনীতি করছে।”
তিনি আরও বলেন,“ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো বিদেশি শক্তির কাছে দায়বদ্ধ নয়। আমরা আল্লাহ ও রাসূল (সা.)-এর আদর্শের ভিত্তিতে এই দেশে ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। দেশ ও জাতির সংকট উত্তরণে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব ছাড়া কোনো বিকল্প নেই।”
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গোলাম মসীহ বলেন,“আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি, এসেছি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করতে। এলাকাবাসীর মৌলিক সমস্যা সমাধান, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমার লক্ষ্য। আপনারা যদি সত্যিকার পরিবর্তন চান, তাহলে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আমাকে সুযোগ দিন।
তিনি আরও বলেন,এই ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।”
উঠান বৈঠকে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত এলাকাবাসী হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নৈতিকতা, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক রাজনীতির বার্তা নিয়ে মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে।