ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় ১৪ বিজিবির পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বর্তমানে ১৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় নওগাঁ ও জয়পুরহাট জেলার মোট ০৯টি সংসদীয় আসনের অন্তর্গত ১৬টি উপজেলায় ৩৮ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে যাচ্ছেন। একই সঙ্গে বিজিবির মূল দায়িত্ব হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে ইউনিটটি।
এরই অংশ হিসেবে গত ০৪ ফেব্রুয়ারি তারিখ বিকাল ১৪.৩০ ঘটিকায় বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার (মেডিকেল) সহকারী মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬১ এমপি হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন শেখাহাটি গ্রামের বক্কর মাস্টারের ইটভাটার সামনে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে মালিকবিহীন অবস্থায় ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ৬২,৮০০ টাকা।
এছাড়াও অদ্য ০৫ ফেব্রুয়ারি ভোর ০৩.৩০ ঘটিকায় কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে অপর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলতাদিঘীর পূর্ব পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১০,৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযানে উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ২০,৮০,০০০ টাকা।
দুটি অভিযানে সর্বমোট উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২১,৪২,৮০০ টাকা।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের পাশাপাশি নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।