বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থানীয় এক নেতা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মোজাপ্রাপ্ত হোসেন, যিনি নিজেকে কিচক ইউনিয়ন জামায়াতের আমীর হিসেবে পরিচয় দেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২৬ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলার উত্তর বেলাই গ্রামে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে “পূর্বপরিকল্পিত সশস্ত্র হামলা” চালানো হয়। এ হামলার জন্য তিনি বিএনপি সমর্থিত লোকজনকে দায়ী করেন।
তার দাবি অনুযায়ী, হামলায় কিচক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি শাহ জালাল, সমর্থক রশিদুল ইসলাম ও আবু তাহের আহত হন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং একপর্যায়ে শাহ জালালকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মোজাপ্রাপ্ত হোসেন আরও বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন বলেও উল্লেখ করেন। তবে এজাহার গ্রহণের পরও অভিযুক্তদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, আহতদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন। পাশাপাশি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্যও পাওয়া যায়নি।