কক্সবাজারের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত জেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ নূরুল ইসলাম এবং ট্রেজারার ড. এ টি এম জাফরুল আযম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ অহিদুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক মুহাম্মদ উল্লাহসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণানির্ভর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। প্রশাসনিক স্বচ্ছতা, দ্রুত সেবা প্রদান এবং একাডেমিক গুণগত মান নিশ্চিত করতে আমরা ধারাবাহিক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছি।” তিনি আরও বলেন, শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হবে।
সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষা কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা, পরীক্ষা ব্যবস্থাপনা, ফল প্রকাশ, অনলাইন সেবা এবং একাডেমিক স্বায়ত্তশাসন সংক্রান্ত বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় উপাচার্য মহোদয় মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভাটি কক্সবাজার জেলার উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়নে একটি ফলপ্রসূ ও আশাব্যঞ্জক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।