চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দ্রুতগতির একটি অটোরিক্সা উল্টে গিয়ে আলী হোসেন (৪৮) নামে এক ফিশিং বোট শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার পুকুরিয়া চাঁদপুর পুরাতন ঘাট এলাকায় (পিএবি) আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন বাঁশখালীর সেখেরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলিবলি পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আমির হামজার ছেলে এবং পেশায় একজন ফিশিং বোট শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন ভোরে চট্টগ্রাম শহর থেকে অটোরিক্সাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পুকুরিয়া চাঁদপুর পুরাতন ঘাট এলাকায় পৌঁছালে অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী রামদাস পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শরীফ হাসান জানান, নিহত আলী হোসেন সকালে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিক্সার অতিরিক্ত গতি ও সড়কের বাঁক দুর্ঘটনার কারণ হতে পারে।
নিহতের বড় ভাই নুরুল কাদের কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গতকাল সে শহরে গিয়েছিল। রাতে ফোন করে জানিয়েছিল সকালে বাড়ি ফিরবে। কিন্তু আজ সকালে খবর এলো, সে আর ফিরছে না—ফিরেছে লাশ হয়ে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোক ও মাতম।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।