মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরু চুরির চেষ্টা চালানোর সময় জনতার হাতে আটক হয়ে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু হয়েছে। গত রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের সজের মোড়া তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-পার্শ্ববর্তী দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (২৭) এবং ছয়ানি গ্রামের বান্ধু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২২)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ইমামনগর গ্রামের ইউনুছ মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে পাঁচ সদস্যের একটি চোর চক্র তালা ভাঙার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে পাঁচজনের ওই চোর চক্রের মধ্যে দুজনকে আটক করে গণধোলাই দেয়।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।স্থানীয়রা আরও জানান, ধরা পড়ার পর নিহত দুই চোর তাদের সঙ্গে থাকা আরও তিনজন সহযোগীর নাম প্রকাশ করেছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মজনু ও দ্বীন ইসলামের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তারা দুজনই পুলিশের তালিকাভুক্ত চোর ছিলেন।
এলাকাবাসীর দাবি, গত তিন বছর ধরে এই চক্রটি এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটিয়েছে। এর আগেও কয়েকবার তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল।ঘটনার খবর পেয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহতদের মরদেহ বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।