চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ভাটখৈর মাঠে প্রায় ৩ বিঘা জমিতে লাগানো গম রাতের আধারে কীটনাশক বিষ স্প্রে করে ব্যাপক ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতের আধারে কৃষক মনিরুল ইসলাম মুন্টুর জমিতে কীটনাশক বিষ স্প্রে করা হয়। এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামের কৃষক মনিরুল ইসলাম মুন্টু বলেন, আমি এই জমি দীর্ঘদিন ধরে আধি নিয়ে চাষবাস করছি, এবার আমি বড় আশা নিয়ে গম লাগিয়ে ছিলাম। কিন্তু সে আশা পুরন করতে দিলোনা এই দুর্বৃত্তরা, আমার স্বপ্নটা যেন তচনচ করে দিলো তারা।
এ বিষয়ে জমির মালিক শিবগঞ্জ উপজেলার চাঁনশিকারী গ্রামের কলিমউদ্দিনের ছেলে সুমন বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত ভাবে করেছে, আমাদের বাড়ি দুরে হওয়ায় আমার তাহাতো ভাই এনামুল এ কাজ করেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি বলে জানান গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল বারিক। তিনি আরও বলেন, অভিযোগ পেলে এর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।