দেশজুড়ে চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলাতেও। টাকা থাকলেও মিলছে না এলপিজি গ্যাস।সংকটের কারণে পটিয়া পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়নের অধিকাংশ গ্যাসের পাইকারি ও খুচরা দোকান বন্ধ দেখা গেছে। বুধবার (১৪ জানুয়ারি) সরেজমিনে পটিয়া পৌর সদর ও আশপাশের গ্রামাঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে এলপিজি গ্যাসের সরবরাহ প্রায় বন্ধ। ফলে পৌরসদরের হোটেল-রেস্তোরাঁ, চায়ের দোকান, বাসাবাড়ি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গ্রামাঞ্চলেও একই চিত্র দেখা গেছে। পটিয়া পৌর সদরের কয়েকজন ব্যবসায়ী জানান, কোম্পানি থেকে নতুন করে গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না। যেসব ডিলারের কাছ থেকে তাঁরা গ্যাস সংগ্রহ করেন, তাঁদের অনেকের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এতে দোকান খুলে রাখলেও বিক্রি করার মতো গ্যাস নেই। কিছু দোকানে পূর্বের মজুত থাকা সীমিত পরিমাণ গ্যাস পাওয়া গেলেও তা বিক্রি করা হচ্ছে বাড়তি দামে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। পটিয়ার কয়েকজন বাসিন্দা বলেন, রান্না থেকে শুরু করে ব্যবসায় সব ক্ষেত্রেই গ্যাসের ওপর নির্ভরশীলতা বেড়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।