ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষা বিষয়ক সেল-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের এনজিও ফোরামে আয়োজিত এ সভায় সংগঠনের আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে শিক্ষা বিষয়ক সেলের কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব আনিসুর রহমান সজল, যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আবরার শিফাক, মুখপাত্র কাজী জেবা তাহসিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ফরিদপুরে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান কম্পিউটার ও আইসিটি ল্যাব কার্যকর করা, কারিগরি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ, জেলা স্কুলসহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারি ব্যবস্থা বাতিল, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ এবং মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির ওহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।