খুলনা -৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, এবারের নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে, দেশের মানুষ ভোটের অপেক্ষায় রয়েছে। আজ সকালে খুলনা জেলা আঞ্চলিক নির্বাচন কমকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা শেষে নির্বাচন অফিসের বাহিরে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এটি একটি স্মরনীয় দিন। দীর্ঘ দিন পর দেশের মানুষ নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। দেশের মানুষ টানা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। আমরা আজ সেই নির্বাচনী যাত্রায় পদ রাখলাম। তিনি বলেন, ছাত্র জনতার আত্মত্যাগ ও অসংখ্য নেতাকর্মীর রক্তের বিনিময়ে আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে খুলনা – ৩ আসনের তথা খুলনাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় তিনি বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছাত্র জনতার গনাআন্দোলনে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাডঃ মোহাম্মাদ আলী বাবু, মিজানুর রহমান, হাবিবুর রহমান বিশ্বাস, ইমাম হোসেন, বিপ্লবুর রহমান কুদ্দুস, নগর যুবদল নেতা খায়রুজ্জামান শামীম সহ বিভিন্ন ওয়ার্ড, থানা ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় মনোনয়ন পত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। আজ ২৯ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। আজ বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন, খুলনা – ১ আসনে বিএনপি প্রার্থী আমীর এজাজ খান,জামায়াত ইসলামীর কৃষ্ণ নন্দী, খুলনা – ২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের প্রার্থী এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা – ৩ আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল, জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা – ৪ আসনে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল, জামায়াতের প্রার্থী কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাওলানা ইউনুস আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেন, খুলনা – ৫ আসনে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ায়, বিএনপি প্রার্থী আলী আজগর লবী, খুলনা – ৬ আসনে বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পী, জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ।