শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও নয়াপাড়া গ্রামে মাসরুফা বেগম (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাসরুফা বেগম ওই গ্রামের মাসুদ পারভেজের মেয়ে এবং শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার সুলাইমানের স্ত্রী।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র জানায়, মাসরুফার বাবা-মা ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত। প্রায় দুই মাস আগে পারিবারিকভাবে মাসরুফার সঙ্গে সুলাইমানের রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হলেও তিনি স্বামীর বাড়িতে না গিয়ে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।
রবিবার দুপুরে মাসরুফা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা জানালে এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়।
খবর পেয়ে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। পুলিশ সূত্রে জানা যায়, সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ সময় ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নিহতের স্বজনরা ঘটনার বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে না পারায় মৃত্যুর রহস্য আরও ঘনীভূত হয়েছে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।