সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানবিক সংগঠন “মানুষের জন্য মানুষ”। মানবকল্যাণকে মূল আদর্শ হিসেবে ধারণ করে পাবনা সদর উপজেলা থেকে যাত্রা শুরু করা এই সংগঠনটি আজ জেলার আনাচে,কানাচে মানবতার আলো ছড়িয়ে দিচ্ছে।
কয়েকজন উদ্যমী ও মানবপ্রেমী সদস্য কাওসার, সাকিব, আলামিন, রাকিব, সাব্বির, সানজিদা, মিম, ফয়সালসহ আরও অনেকের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনটির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের অসুস্থ ও চিকিৎসাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা প্রদান এবং তাদের দৈনন্দিন জীবন সহজ করতে প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম বিতরণ করে আসছে সংগঠনটি।
হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তার পাশাপাশি মানসিক ভারসাম্যহীন রোগীদের চিকিৎসা ও খাদ্য সহায়তার ব্যবস্থাও নিয়মিতভাবে করে যাচ্ছে “মানুষের জন্য মানুষ”। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটি নিয়মিত রক্ত সংগ্রহ কর্মসূচি পরিচালনা করে, যা জরুরি মুহূর্তে রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংগঠনের সদস্যরা জানান, মানুষের পাশে দাঁড়ানোই তাদের একমাত্র লক্ষ্য ও প্রেরণা। ভবিষ্যতেও সমাজের সব শ্রেণির অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মানবতার সেবায় “মানুষের জন্য মানুষ”-এর এই ধারাবাহিক উদ্যোগ সমাজে একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।