মাদারীপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে নাগরিক সেবায় এসেছে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন। অফিসটির সেবা প্রধানের দক্ষ নেতৃত্ব, আন্তরিকতা ও আধুনিক ব্যবস্থাপনার ফলে পাসপোর্ট সংক্রান্ত সেবা এখন আরও দ্রুত, সহজ ও নাগরিকবান্ধব হয়ে উঠেছে।
সহকারি পরিচালক হেলাল উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবা প্রধান অফিসের সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। আবেদন গ্রহণ থেকে শুরু করে তথ্য যাচাই, বায়োমেট্রিক কার্যক্রম এবং পাসপোর্ট বিতরণ—প্রতিটি ধাপে সময়ানুবর্তিতা ও সেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষ করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তিনি সরাসরি অভিযোগ শুনছেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করছেন। প্রবীণ, নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন আবেদনকারীদের জন্য আলাদা সহায়তা ডেস্ক চালু করায় সেবাগ্রহীতারা স্বস্তি প্রকাশ করেছেন।
সেবা গ্রহীতারা জানান, আগে যেখানে পাসপোর্ট করতে নানা ভোগান্তি পোহাতে হতো, এখন সেখানে অফিসের পরিবেশ অনেক বেশি বন্ধুসুলভ ও সহায়ক। কর্মকর্তাদের আচরণও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।
সহকারি পরিচালক হেলাল উদ্দিন বলেন , পাসপোর্ট সেবা জনগণের একটি গুরুত্বপূর্ণ অধিকার। আমরা চাই, প্রতিটি নাগরিক যেন সম্মান ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সেবা পান।
তার এই মানবিক ও দায়িত্বশীল নেতৃত্ব আঞ্চলিক পাসপোর্ট অফিসকে একটি আদর্শ নাগরিক সেবা প্রতিষ্ঠানে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।