খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেন(৪০) নামে এক যুবকের দুই হাত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সকালে বটিয়াঘাটা থানাধীন দারোগার ভিটায় ঘটনাটি ঘটে। আহত আক্তার হোসেন গল্লামারী এলাকার বাসিন্দা চাদ আলীর মোল্লার ছেলে। বড় বাজার এলাকার একটি হোটেলে তিনি কর্মরত আছেন। বর্তমানে আক্তার হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আক্তার হোসেন বলেন, সকালে বাড়ি ছিলাম ঔই সময় ভাগ্নে শাহেদের বন্ধুরা ডেকে বটিয়াঘাটা থানাধীন দারোগা ভিটায় নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে ৪-৫ জন দুর্বৃত্তরা লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আমার দুই হাত কোপাতে থাকে। পরবর্তীতে আমার ডাক- চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেটিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট বাপ্পা রাজ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাম হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে যাওয়ায় জন্য পরামর্শ দিয়েছি। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার হাবিবুর রহমান বলেন, এরকমের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। আক্তার হোসেনের বরাত দিয়ে তিনি বলেন, দুর্বৃত্তরা তার পরিচিত। সকালে তাকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ডেকে নিয়ে দারোগার ভিটা নামক একটি বিলের মধ্যে নিয়ে গিয়ে তার দুই হাত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে ৪ জন উপস্থিত ছিল। তবে সন্ত্রাসীদের ধারণা ছিল আক্তার হোসেন পুলিশের সোর্স হিসেবে কাজ করে এবং সন্ত্রাসী দের সম্পর্কে পুলিশের কাছে তথ্য দেয়।