নরসিংদীর পলাশ উপজেলায় একটি তাঁত কারখানার শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াবো গ্রামে একটি তাঁত কারখানার পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম এমরান মিয়া। তিনি ওই গ্রামের আমির ইসলামের ছেলে। এমরান স্থানীয় মোস্তফা নামের এক ব্যক্তির মালিকানাধীন তাঁত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে এমরান নাইট ডিউটিতে কারখানায় কর্মরত ছিলেন। রাতে আনুমানিক ৩টা থেকে ৩.৩০ টায় তিনি হঠাৎ কারখানা থেকে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি। পরে সোমবার ভোরে কারখানার আরেক শ্রমিক রাস্তার পাশে এমরানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে