“Run For Change” স্লোগানকে সামনে রেখে ঈদগাঁও উপজেলায় প্রথমবারের মতো মিনি ম্যারাথনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন CYDA। তরুণ সমাজকে স্বাস্থ্যসচেতন করা, ইতিবাচক পরিবর্তনে উদ্বুদ্ধ করা এবং কমিউনিটির ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই ম্যারাথনে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক ও যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত CYDA Mini Marathon 2025-এ মোট ৭০ জন রানার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ইলাহি নূর। এছাড়া রিয়াদ উদ্দিন প্রথম রানার-আপ এবং আব্দুল্লাহ দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।
অংশগ্রহণকারীদের আন্তরিকতা, অধ্যবসায় ও চমৎকার স্পোর্টসম্যানশিপ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাঁও মানবিক ফাউন্ডেশন, YES Bangladesh, ইসলামপুর ব্লাড ডোনারস সোসাইটিসহ ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
CYDA-এর প্রধান নির্বাহী আরকানুল ইসলাম রিয়ান বলেন,“সকলের উপস্থিতি ও সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই ম্যারাথন আমাদের কমিউনিটির ঐক্য, উদ্দীপনা ও পরিবর্তনের শক্তির প্রতীক। ভবিষ্যতেও CYDA যুব উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”
আয়োজনের সফলতায় সন্তোষ প্রকাশ করে CYDA কর্তৃপক্ষ সকল অংশগ্রহণকারী, স্পন্সর, স্বেচ্ছাসেবক এবং সহযোগী সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।