বন্দর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রতিদিনই ব্যস্ত সময় পার করছেন স্থানীয় থানার অফিসার ইন চার্জ (ওসি) লিয়াকত আলি । বন্দর থানার তথ্য অনুযায়ী, গত এক মাসে মোট ৫৪ টি মামলা, ১৭২৬টি সাধারণ ডায়েরি (জিডি) এবং অভিযোগ ৬২১টি এছাড়া বিভিন্ন অভিযোগ নথিভুক্ত হয়েছে। যার অধিকাংশই মারামারি, চুরি, প্রতারণা ও নারী নির্যাতন সংক্রান্ত।
ওসি লিয়াকত আলি জানান, প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হলেও পুলিশ বাহিনী মাঠে কাজ করছে সর্বোচ্চ সতর্কতা নিয়ে। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করেছি।”
গত মাসে থানা এলাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে পুলিশ। এসব অভিযানে মাদক, অবৈধ অস্ত্র ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ জানান, পুলিশের তৎপরতায় অপরাধ দমন কিছুটা সহজ হলেও সচেতনতা বাড়ানো এবং সামাজিক সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
ওসি আরও বলেন, “মামলা ও অভিযোগের সংখ্যা বাড়লেও আমরা প্রতিটি বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করছি। জনগণ যেন ন্যায্য বিচার পায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। তবে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা কামনা করেছে এলাকাবাসীর কাছে।