গাজীপুরের টঙ্গীর স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথীর বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদন বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করা হয় এবং শেষ পর্যন্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখা হয়েছে। এই সিদ্ধান্ত ছড়িয়ে পড়তেই টঙ্গীতে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সমর্থক, কর্মী ও এলাকাবাসীরা অভিনন্দন ও শুভেচ্ছায় সরব হয়ে ওঠেন। তাদের ভাষ্য- যদিও দেরি হয়েছে, কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। প্রকৃত কোনো অপরাধ না করেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা অভিযোগে কারাবরণ করতে হয়েছিল এই নেতাকে। তাই বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। এ প্রসঙ্গে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে কাজ করে যেতে চাই।” তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের প্রতি কৃতজ্ঞতা জানান।