আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্যা নাভীলা চৌধুরীর নেতৃত্বে মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শিবচর পৌরসভার হেলিপ্যাড মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নাভীলা চৌধুরী বলেন, “মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি বিশ্বাস করি দল আমার দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও অবদানকে মূল্যায়ন করবে। দুঃসময় থেকে এখন পর্যন্ত আমি দলের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। শিবচরের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। আপনারা আমার জন্য দোয়া করবেন। মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি শাহনেওয়াজ তোতা, সেক্রেটারি এমদাদুল হক খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সাজু মোড়ল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, বিএনপি নেতা রুবেল খান, সরকারি বরহামগঞ্জ কলেজের সাবেক জিএ খলিল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।