প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক, কমিশন তা মোকাবিলায় প্রস্তুত। তাঁর মতে, রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকেই যায়। তবে কমিশনের নিয়ত পরিষ্কার, এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে যে পদক্ষেপ দরকার, সেগুলো ইসি গ্রহণ করবে। সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে চান বলেও উল্লেখ করেন তিনি। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন সিইসি।
সোমবার (১৭ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয় তার জন্য নির্বাচনী আচরণবিধি আছে। রাজনৈতিক দলগুলোকে ডাকার মূল উদ্দেশ্য হলো এই আচরণবিধির পরিপালন নিশ্চিত করা। দলগুলো যদি তাদের নেতাকর্মীদের আচরণবিধি মেনে চলতে নির্দেশনা দেয়, তাহলে অনেক কাজ সহজ হয়ে যায়। সবার মতামত নিয়েই আচরণবিধি তৈরি করা হয়েছে বলেও জানান সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের ছেলেমেয়েরা এই দেশেই থাকবে। তাদের জন্য একটি সুন্দর দেশ উপহার দিতে চাইলে সুন্দর নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি সুন্দর দেশ গড়তে চান বলেও তিনি উল্লেখ করেন।
সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা এবং বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর প্রতিনিধিরা অংশ নেন।