নরসিংদীর চরসুবুদ্ধি ইউনিয়নের পারুমোল্লা বাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। শনিবার সকালে ইউনিয়নের মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হুরা মিয়া ও শাকিল মিয়া। তারা আপন দুই ভাই। এ ঘটনায় আরও তিন থেকে চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, ফল ব্যবসায়ী আওয়াল মিয়ার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মর্মান্তিকভাবে নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করেনি বলে পুলিশ জানিয়েছে।