জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ঐক্যের সম্ভাবনা থাকলেও অনৈক্যের সুর লক্ষ্য করা যাচ্ছে বলে হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কাকরাইলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন,
“গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে ঐক্য প্রতিষ্ঠার বড় সুযোগ এসেছে। তারপরও রাজনীতিকদের মাঝে যে অনৈক্য, তা অত্যন্ত হতাশাজনক।”
তিনি আরও বলেন, সততা প্রতিষ্ঠা ব্যতীত পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয়। রাজনীতির মধ্যে সততা আনা না গেলে রাজনীতি কখনোই সুন্দর হবে না। ক্ষমতায় এসে সম্পদ তৈরির মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছু অর্জন হয় না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, “আমাদের দুর্ভাগ্য দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্ন মানের। এর জন্য দায়ী রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র।”
মির্জা ফখরুলের মতে, দেশের রাজনীতি ও শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন না হলে গণতন্ত্রের ভিত্তি আরও দুর্বল হবে। তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান—দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।