বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোয়নয়ন পেলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। এবি পার্টি প্রাথমিক মনোয়নয়ন দিয়েছে। ব্যারিস্টার ফুয়াদ বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনায় উঠে আসা এক তরুণ প্রজন্মের নেতা। তিনি খুলনা জেলার খালিশপুরে জন্মগ্রহণ করেন এবং তাঁর পৈতৃক বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত । তাঁর বাবা মরহুম আবদুল বারেক ভুঁইয়া ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ৯ নম্বর সেক্টরে বেইজ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
শিক্ষাজীবনে তিনি মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে। পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ঢাকা কলেজে। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন শুরু করেন, তবে দীর্ঘ সময়ের ব্যবধানে ডিগ্রি সম্পন্ন না করে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য লন্ডনে পাড়ি জমান। তিনি University of London থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। ২০০৮ সালে তিনি College of Law থেকে Bar Vocational Course শেষ করেন এবং একই বছর যুক্তরাজ্যের সম্মানজনক আইন প্রতিষ্ঠান Honourable Society of the Middle Temple-এর সদস্যপদ লাভ করেন।
ফুয়াদ আইন পেশার পাশাপাশি রাজনীতিতে যুক্ত হন জাতীয় পর্যায়ে। ২০২৫ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন, নারী প্রতিনিধিত্ব, রাজনৈতিক সহনশীলতা ও সামাজিক পরিবর্তন নিয়ে ফুয়াদ বিভিন্ন সময়ে বক্তব্য রেখেছেন। তাঁর বক্তব্যে সামাজিক ভারসাম্য, ন্যায়ভিত্তিক রাজনীতি ও তরুণ নেতৃত্বের গুরুত্ব উঠে এসেছে।
বর্তমানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দলের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা করছেন এবং বরিশাল-৩ আসনের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি বলেন, “বরিশালবাসীর সেবা করা ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।” তরুণ প্রজন্ম ও শিক্ষিত নাগরিক সমাজের মধ্যে তিনি ইতোমধ্যেই একটি নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত হচ্ছেন। তাঁর রাজনৈতিক দর্শনে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক সংস্কারমুখী ভাবনা।
এই মনোনয়নকে এবি পার্টির রাজনৈতিক সম্প্রসারণ ও আগামী নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দলের তরুণ নেতৃত্বের উত্থান এবং বিকল্প রাজনীতির ধারাকে এগিয়ে নিতে ফুয়াদের ভূমিকা এখন রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত। তিনি তার নির্বাচনী এলাকার নানামূখী সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড করে আসছেন।